সুপ্রিম কোর্টের কাছে তথ্য না পেয়ে রিট
তথ্য অধিকার আইনে সুপ্রিম কোর্টের নিকট তথ্য চেয়ে না পেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টেরই এক আইনজীবী, যাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকেও বিবাদি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম বৃহস্পতিবার সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করেন। রিটে বিচার অঙ্গনের ছয়টি দপ্তরে তথ্য কর্মকর্তা নিয়োগ না দেয়ার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়।
অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি, ঢাকার জেলা ও দায়রা জজ, ঢাকা মহানগরের মুখ্য মহানগর হাকিম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সম্পাদক, তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তথ্য কমিশনের সেক্রেটারি, প্রধান তথ্য কর্মকর্তা, সংস্থাপন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
তথ্য কর্মকর্তা এবং আপিল বিভাগের কর্মকর্তা নিয়োগে তথ্য কমিশনের সেক্রেটারি, প্রধান তথ্য কর্মকর্তা ব্যর্থতা ‘নিষ্ক্রিয়তা ও অপর্যপ্ত পদক্ষেপ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
১০ দিনের মধ্যে তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য নির্দেশনাও চেয়েছেন আবেদনকারী।
আবদুল হালিম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তিনি নিজেই ভুক্তভোগী হয়ে বিবাদীদের বিরুদ্ধে রিট আবেদনটি করেছেন।
২০০৯ সালে দেশে তথ্য অধিকার আইন কার্যকর হয়। ওই আইনের ১০ ধারা অনুযায়ী আইন কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে সব সরকারি ও বিধিবদ্ধ সংস্থায় তথ্য কর্মকর্তা নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর দুই দফা তথ্য চেয়েও পাননি বলে আবেদনে উল্লখ করেছেন রিটকারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য কমিশনের সহায়তা নিয়ে এবং তথ্য কমিশন বারবার তাগিদ দেয়ার পরও অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বার কাউন্সিল, ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগরের মুখ্য মহানগর হাকিমের আদালত, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়নি। রিটকারী তথ্য কমিশনে আবেদন করলেও কমিশন কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে তিনি হাই কোর্টে রিট করেছেন।
