রাজশাহীতে অস্ত্র ও বোমাসহ শিবিরনেতা আটক
অস্ত্র ও বোমাসহ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ আটজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে রাজশাহী নগরীর মালোপাড়ায় কনটেস্ট ভর্তি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান জানান।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ১৩টি হাতবোমা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
আটকদের মধ্যে ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়া রয়েছেন বলে জানান বোয়ালিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া।
র্যাব কর্মকর্তা বলেন, গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে যে সহিংসতা চলছে তারই পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
শিবির নেতা ইয়াহিয়ার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এ বিষয়ে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তথ্য বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংগঠনিক কাজে শিবিরের সাধারণ সম্পাদক রাতে ওই কোচিং সেন্টারে ছিলেন। সকালে র্যাব তাদের আটক করে বোমা-পিস্তল দিয়ে ‘নাটক’ তৈরির চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ক্যাম্পাসে অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।
