চট্টগ্রামে শিবিরের হরতাল ককটেল বিস্ফোরণ
ইসলামী ছাত্রশিবির কার্যালয় থেকে গ্রেপ্তার ৩৪ নেতা-কর্মীর মুক্তির দাবিতে বৃহত্তর চট্টগ্রামে ডাকা হরতালের সকালে বাদুরতলা এলাকায় ককটেল ফাটিয়েছে সংগঠনটির কর্মীরা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো.শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে হরতালের শুরুতেই শিবির কর্মীরা ঝটিকা মিছিল নিয়ে দুটি কটটেল ফাটিয়ে পালিয়ে যায়।
পুলিশ গিয়ে সেখানে কাউকে পায়নি বলে জানান তিনি।
হরতালে চট্টগ্রামে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল করলেও অন্যান্য দিনের তুলানায় কিছুটা কম। তবে অফিস-আদালত ও বাণিজ্যক প্রতিষ্ঠানগুলো চলছে স্বাভাবিকভাবেই।
অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে শিবিরের নাশকতা ঠেকাতে নগরীতে অতিরিক্ত দুই হাজার পুলিশ মোতায়েন করা রয়েছে।
চট্টগ্রামের চন্দনপুরায় গত সোমবার রাত আড়াইটা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত শিবিরের ওই কার্যালয়ে অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হলে ১৭ সেপ্টেম্বর জামায়াতের হরতালের সময় এনায়েতবাজারে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাদের কারাগারে পাঠান বিচারক।
তাদের মুক্তির দাবিতে গত দুদিন ধরেই নগরীতে ঝটিকা মিছিল করে ভাংচুর চালিয়ে আসছে শিবিরের কর্মীরা। বুধবারও তারা বন্দরনগরীর বিভিন্ন এলাকায় মিছিল করে কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় নগরীর ডিসি হিল ও বহদ্দারহাট এলাকা থেকে ৩৩ শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বেলা দুটা পর্যন্ত হরতালের এই কর্মসূচি দেয় শিবির।
