চবিতে প্রতিপক্ষের হামলায় ৩ ছাত্রদল কর্মী আহত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্মীদের হামলায় তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত পৌণে ১০টার দিকে সোহরাওয়ার্দী হলের পাশে নিজ সংগঠনের কর্মীদের ওপর হামলা হয় বলে দাবি করেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।
হামলায় আহতরা হলেন, আইন বিভাগের তৃতীয় বর্ষের জুনায়েদ হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু তাহের ও গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের বদরুজ্জামান সুমন। তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েজন ছাত্রদলকর্মী একসঙ্গে ছাত্রাবাসের পাশে আড্ডা দেয়ার সময় ছাত্রলীগকর্মী শুভর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। তারা রড ও লাঠিসোটা দিয়ে ছাত্রদল কর্মীদেরকে পেটায়।
চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম বলেন, সকালে ছাত্রদল কর্মীরা শাটল ট্রেনের চালককে অপহরণ করে। রাতে আবারো নাশকতার জন্য তারা সংগঠিত হচ্ছিল বুঝতে পেরে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের প্রতিহত করার চেষ্টা করে।
এ সময় হয়ত কেউ ব্যথা পেয়ে থাকতে পারে বলে স্বীকার করেন তিনি।
চবির সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে শাটল ট্রেনের এক চালককে ধরে নিয়ে তিন ঘণ্টা আটকে রাখে ছাত্রদল কর্মীরা।
