২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি উদ্ভাবনের জন্য অনুদান ৭ প্রতিষ্ঠানকে

জনগণের সেবা প্রাপ্তি সহজ করতে প্রযুক্তিগত উদ্ভাবনীর জন্য দেশে প্রথমবারের মতো সাতটি প্রতিষ্ঠানকে ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’ এর অনুদান দেয়া হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 11:17 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

অনুদান পাওয়া সাতটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি সরকারি, একটি বেসরকারি স্বেচ্ছসেবী প্রতিষ্ঠান (এনজিও) এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসব প্রতিষ্ঠানের হাতে বিভিন্ন অঙ্কের মোট ৫৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সরকার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং মার্কিন দাতা সংস্থা ইউএসএইড এর সমন্বয়ে গঠিত ফান্ড থেকে এ অনুদান দেয়া হয়।

অনুদান পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ‘অনলাইনে সেবা সম্প্রসারণের’ জন্য পরিবেশ অধিদপ্তর, ‘অনলাইন সার সুপারিশে অটোমেটেড তথ্য প্রক্রিয়াকরণ ও তথ্য হালনাগাদের’ জন্য সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের ‘মোবাইল সেবা সম্বলিত বহুমাত্রিক পরিবহন পোর্টাল, মৎস ও প্রাণি সম্পদ অধিদপ্তরের ‘মোবাইল ভিত্তিক সেবা প্রদান’ জীবন বীমা কর্পোরেশনের ‘মোবাইল নির্ভর পেমেন্ট সার্ভিস’ ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশন (এনজিও) এর ‘মাল্টিমিডিয়া ডিজিটাল টকিং বুক’ এবং ‘বাংলা অপটিক্যাল ক্যারেক্টর রিকগনাইজার (ওসিআর)’ এর জন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি এ বছর অনুদান পেয়েছে।

অনুদান বিতরণ অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “জনগণের জীবনমানের পরিবর্তন আনতে প্রযুক্তির ব্যবহারের সময় এখনি। দেশের মানুষকে সহজে সেবা দেওয়ার বিষয়টি সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সে পথে যথেষ্ট উন্নতি করছে।”

বাংলাদেশ রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, “এই রূপান্তরের মূল শক্তি তরুণরা। তারা প্রথাগত চিন্তার বাইরে ভাবতে পারে। তরুণদেরই এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেন, “বৈশ্বিক অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ গর্বের সাথে ও ক্ষমতা নিয়ে পদচারণা করছে। ডিজিটাল বিপ্লব বাংলাদেশের পরবর্তী এশিয়ান টাইগার, রয়েল বেঙ্গল টাইগার হয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বলে আমার বিশ্বাস।”

“ডিজিটাল প্রযুক্তির শক্তি দ্বারা পরিচালিত বৈশ্বিক বিপ্লবে বাংলাদেশ ইতিহাসের অংশ হয়ে উঠছে”

এটুআই কর্মসূচির উপদেষ্টা আনীর চৌধুরী জানান, চলতি বছরের জুন মাসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন কর্মী, ছাত্র-ছাত্রীদের কাছে ‘উদ্ভাবনী’ প্রস্তাব আহ্বান করা হয়। এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ৫৫৪টি প্রস্তাবনা জমা পড়ে।

শ্রেষ্ঠ উদ্ভাবনী প্রস্তাবনা নির্বাচনে যেসব বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে সেগুলো হলো- দরিদ্রবান্ধব সেবা প্রদান ব্যবস্থা, সেবা বিকেন্দ্রীকরণ, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বল্পমূল্যের প্রযুক্তি, তথ্যে প্রবেশাধিকার এবং বাংলাভাষা সহায়ক সফটওয়্যার।

অর্থসচিব ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএনডিপির কান্ট্র ডিরেক্টর পলিন ট্যামেসিস।