সীমান্তের ওপাড়ে বাংলাদেশি আহত
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ওপাড়ে বিএসএফের রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন।
আহত আসাদুল হককে (২২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসাদুল উপজেলার গজেরকুটি গ্রামের আব্দুল জলিলের ছেলে।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খলিশাকোটাল সীমান্তের ৯৩৪ এর ৫ এস পিলারের কাছে ভারতের কিশামত কড়লা গ্রামে এ ঘটনা ঘটে।
সীমান্তবাসীরা জানায়, রাত ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার খালিসা কোটাল সীমান্তের ৯৩৪ নং আন্তর্জাতিক মেইন পিলারের ৫নং সাব-পিলারের পাশ দিয়ে ভারত-বাংলাদেশের কয়েকজন গরু চোরাকারবারী ৩৫/৪০টি গরু কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিল।
এ সময় ভারতীয় বশকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে ২ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে আসাদুল মাথায় আঘাত পান।
আসাদুলকে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এরশাদুল হক জানান, গুলিবিদ্ধ রোগীর অবস্থা ভাল না থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ৪৫ বিজিবির বালারহাট বিওপির নায়েব সুবেদার জাকির হোসেন জানান, বিএসএফের ছোড়া রাবার বুলেটে ওই যুবক আহত হয়েছেন। সীমান্তে টহল জোরদার করা রয়েছে।
শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুরজ্জামান জানান, এ ব্যাপারে বিএসএফের কাছে একটি প্রতিবাদ চিঠি পাঠানো হয়েছে।
