গৃহবধূকে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ
গাইবান্ধার সাদুল্লাহপুরে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই তরুণী গৃহবধূ।
এর আগে অপহরণের পরদিন (১০ সেপ্টেম্বর) তার বাবা ও স্বামী সাদুল্লাপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
ওই তরুণীর স্বামী একজন পুলিশ সদস্য। তিনি রাজধানীর উত্তরায় থাকেন।
সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গত ৯ সেপ্টেম্বর বিকালে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ওই তরুণী। সাদুল্লাপুর সদর থেকে অটোরিকশায় উপজেলার কান্তানগর বাজারে নামেন তিনি।
সেখান থেকে পূর্বপরিচিত এক যুবক কৌশলে তাকে কান্তানগর হাইস্কুলে নিয়ে যায় এবং সেখানে আরো চার যুবকসহ তাকে ধর্ষণ করে।
মামলায় আরো বলা হয়, সেখান থেকে দূর্বৃত্তরা তার হাত, পা, মুখ ও চোখ বেঁধে অটোরিকশায় করে বগুড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখে।
সেখানে থাকা আরো তিন দুর্বৃত্ত ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত তাকে ধর্ষণ করে এবং মঙ্গলবার দুপুরে তাকে বগুড়া শহরের একটি রাস্তায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা।
পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
