সাতক্ষীরায় পরিবহন ধর্মঘট শুরু
সাতক্ষীরার দেবহাটায় জামায়াত-শিবিরের বাস ও ট্রাক ভাংচুরের প্রতিবাদে এবং প্রধান সড়কে নসিমন, করিমনসহ অবৈধ যান বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
পূর্ব ঘোষণা ছাড়াই মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘটের ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছে জনসাধারণ। ধর্মঘটে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সংহতি জানালে জেলার সবকটি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাতক্ষীরা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের সেকেন্দ্রায় বিক্ষোভ মিছিল থেকে বিনা উস্কানিতেই বেশ কয়েকটি বাস ও ট্রাক ভাংচুর করে জামায়াত-শিবিরকর্মীরা। ভাংচুরে জড়িতদের বিচারের এবং মহাসড়কে নসিমন, করিমনসহ সকল অবৈধ যান বন্ধের দাবি সকাল ১০ টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালন করা হচ্ছে।
এ ঘটনার পরপরই গাড়ি ভাংচুরের প্রতিবাদে শ্রমিকরা সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে বাস-ট্রাক রেখে যান চলাচল বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে রাতেই অবরোধ তুলে নিলেও গাড়ি ভাংচুরের ঘটনায় কোনো পদক্ষেপ না নেওয়ায় সকাল থেকে এই ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।
