‘তরুণরাই মূল শক্তি’
তরুণরাই বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের মূল চালিকা শক্তি মন্তব্য করে তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার ঢাকায় ‘সোস্যাল গুড সামিট-২০১৩’র উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার একথা বলেন।
তিনি বলেন, “পুরো জাতিকে ডিজিটালাইজ করতে বাংলাদেশ অঙ্গীকারা্বদ্ধ। এখন তরুণদেরই ভাবতে হবে তারা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়।”
“২০৩০ সালের বাংলাদেশ হবে তরুণদের।”
শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিকে ধন্যবাদ জানাতে হয়। কারণ মোবাইলে এসএমএসর মাধ্যমে পূর্বাভাস জানিয়ে হাজারো মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা সম্ভব হচ্ছে।
অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ অনেক বাড়িয়ে দিয়েছে। মোবাইল-ইন্টারনেট মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছে।
স্পিকার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার দুই নম্বর লক্ষ্য হচ্ছে ই-কেন্দ্রের মাধ্যমে সবার জন্য শিক্ষা। সেটাতেও বাংলাদেশের অগ্রগতি চমৎকার।
স্পিকার জাতীয় সংসদ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই সম্মেলনের আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কয়েকটি বেসরকারি সংস্থা এর সহআয়োজক।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পাউলিন টেমেসিস সম্মেলনের গুরুত্ব তুলে ধরে বলেন, “সোস্যাল গুড সামিট সারা বিশ্বের তরুণদের একটি প্ল্যাটফর্ম। ক্ষুদ্রের ক্ষমতা এবং স্বল্প খরচে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা এই সামিট দেখিয়ে দেবে।”
বাংলাদেশে ডিজিটাল রূপান্তরের জন্য তরুণদেরই মূল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন ইউএনডিপির এই কর্মকর্তা।
তিনি বলেন, “তরুণরাই পরিবর্তন ঘটাবে। আর আমরা এটাকে সাহায্য করছি মাত্র।”
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নেইল ওয়াকার এক ভিডিও বার্তায় বলেন, “তরুণরাই ভবিষ্যত নেতৃত্ব। তারাই সিদ্ধান্ত নেবে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে। টেকসই উন্নয়নে বাংলাদেশ যেখানে যেতে চায় সেখানে পৌঁছাতে জাতিসংঘ সহযোগিতা করবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমেদ বলেন, গত দুই দশকে বিশেষ করে মোবাইল ফোন প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তনের ঢেউ লক্ষ্য করা গেছে।
তিনি বলেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারি স্কুলের পাঠ্যপুস্তক ডিজিটালাইজড বইয়ে রূপান্তরের চেষ্টা চলছে। মোবাইল ফোনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানা যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার আবেদনও মোবাইল ফোনে শেষ করা যাচ্ছে। মোবাইলের মাধ্যমে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের পরামর্শক আনির চৌধুরী, অভিনেতা ইরেশ জাকের, বেসরকারি সংস্থা বিএনআরসিসির প্রতিনিধি বজলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং পরবর্তীতে করণীয় নির্ধারণের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকারিতা তুলে ধরেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুপুরে ‘নলেজ মেলা’র মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী এতে অংশ নেয়।
