২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে অবমাননার অভিযোগ

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের জন্য অপেক্ষমাণ মামলা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানে মন্তব্যের কারণে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষ, ওই অনুষ্ঠানের সঞ্চালক ও দুই আলোচকের বিরুদ্ধে অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বের প্রযোজক, অনুষ্ঠানটির সঞ্চালক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহকে এই আবেদনে বিবাদী করা হয়েছে।

ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।

প্রসিকিউটর জিয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন। প্রসিকিউটর তাপস কান্তি বল, সাবিনা ইয়াসমিন খান ও রেজিয়া সুলতানা চমনও এ সময় উপস্থিত ছিলেন।

তাদের আবেদনে বলা হয়, টেলিভিশনে প্রচারিত ওই অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন যে, অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে।

ওই অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য ‘পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, অসৎ উদ্দেশ্যপ্রসূত’ উল্লেখ করে আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের প্রক্রিয়া সম্পর্কে অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যেই ওই মন্তব্য করা হয়েছে।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত বছরের ৪ এপ্রিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ১৫ অগাস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে।

এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত আলোচনা অনুষ্ঠান ‘মুক্তবাক’-এ এ বিষয়ে মন্তব্য করেন ওই পর্বের আলোচক জাফরউল্লাহ চৌধুরী ও মাহফুজ উল্লাহ।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, “অনুষ্ঠানে ডা. জাফরউল্লাহ বলেন ‘আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী, আমরা চিরকাল জেনে এসেছি, এটা আমরা বিশ্বাসও করেছি। আজকে সে বলছে, সে না কি ছিলই না, সেটা সত্য, যাই হোক, সে চারটা সাক্ষীই হাজির করেছে, একটা তো আমাদের সালমান, আরেকজন হলেন একজন সিটিং জজসাহেব, এই হাইকোর্টের বর্তমান জজসাহেবকে সে সাক্ষী মেনেছে এবং উনি বলেছেন উনি সাক্ষী দিতে চান, উনি নাকি দরখাস্ত দিয়েছিলেন, আমাদের মোজাম্মেল হোসেন সাহেবের কাছে সাক্ষী দেবার অনুমতি চেয়েছিলেন, তাকে অনুমতি দেয়া হয়নি এবং একজন প্রাক্তণ রাষ্ট্রদূত দিয়েছেন, উনি শুনেছেন। এই যে জিনিসটা এর ফলে কী হবে? সন্দেহটা মানুষের মনে থেকেই যাবে’।”

তিনি আরো বলেন, “সালাউদ্দিন কাদের চৌধুরীকে মনে প্রাণে ঘৃণা করি আমি, এই লোক দাবি করেছে সে ছিল না, সে হাসনাইন নামের এক জজ সাহেবকে সাক্ষী মেনেছে, সেই জজ সাহেব কেন সাক্ষী দেন নাই, এটাকে যদি না দেয়া হয়, তাহলে কী বিচারের বাণী ‍নিভৃতে কাঁদবে না?... এই বিচারক কেন সাক্ষী দেবে না?”

এরপর মাহফুজ উল্লাহ প্রশ্ন তোলেন- “উনি (সালাউদ্দিন কাদের চৌধুরী) চারজন সাফাই সাক্ষীর নাম দিয়েছেন, যেটা অন্যদের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। শুধু তার ক্ষেত্রেই সাফাই সাক্ষীদের গ্রহণ করা হয়নি। এই জন্যই উনি বলছেন যে, এই জন্যই প্রশ্নগুলি বারবার উত্থাপতি হচ্ছে।”

ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য করায় অবমাননার অভিযোগে এর আগে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দলটির ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে দেয়া হয় এক দিনের কারাদণ্ড। 

পুরনো খবর:

অবমাননা: তিন জামায়াত নেতার সাজা
সালাউদ্দিন কাদেরের রায় যে কোনো দিন