সিলেটে ২৫ শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিলেটে পুলিশের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় মহানগর শিবির সভাপতিসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার রাতে শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
কোতোয়ালি থানার পরির্দশক (তদন্ত) শ্যামল বণিক জানান, মামলায় মহানগর শিবির সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১৮ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন, সিলেট মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, সাবেক সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ আল মোনিম, এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন খান, মহানগর শিবিরের প্রচার সম্পাদক সোহেল আহমদ, গিয়াস উদ্দিন, মুহিবুর রহমান এবং জামায়াত নেতা ওবায়দুল হক।
সোমবার দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি চলাকালে নগরীর বন্দরবাজারে ঝটিকা মিছিল করে পুলিশের উপর হামলা চালায় শিবিরকর্মীরা। এ সময় ভাংচুর করা হয় পুলিশের মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি।
