২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধর্মঘটের ডাক

যানবাহন ভাংচুর এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট ডেকেছে বাস মালিক ও শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 04:44 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

মঙ্গলবার দুপুরে বন্দরনগরীর বিআরটিসিতে বাস মালিক ও শ্রমিক নেতাদের এক যৌথসভায় ২৪ ঘণ্টা ধর্মঘটের সিদ্ধান্ত হলেও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়।

বৈঠকের পর আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

কফিল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় বলা হয়, মঙ্গলবার সকালে মহাসড়কের সীতাকুণ্ডে পাঁচটি বাসে আগুন এবং শতাধিক যানবাহন ভাংচুর করা হয়েছে। এছাড়া মহাসড়কে আন্দোলনের নামে প্রতিনিয়তই বিশৃঙ্খলা চালানো হচ্ছে।

কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একদিনেই ভাংচুর ও আগুনে মালিকদের ১৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

“পরিবহন চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা এবং ভাংচুর, জ্বালাও-পোড়াও বন্ধের দাবিতে যৌথভাবে ২৪ ঘণ্টার এই ধর্মঘট ডাকা হয়েছে।”

আন্তঃজেলা বাস মালিক সমিতি, শুভপুর বাস মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শুভপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানান তিনি।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, “মহাসড়কে অহরহ হামলার ঘটনা ঘটছে। পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের নিরাপত্তা নেই।”

ধর্মঘট ডাকার পর রাতে পরবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে পুলিশ প্রশাসন।

ভাংচুরে জড়িতদের গ্রেপ্তার এবং নিরাপত্তার আশ্বাস পেয়ে ধর্মঘট সংক্ষিপ্ত করা হয়েছে বলে কফিল উদ্দিন জানান।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট চলবে।