২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনভাতা পেলেন রোকেয়ার শিক্ষক-কর্মচারীরা

চার মাস অপেক্ষা আর অন্দোলনের পর অবশেষে বেতনভাতা পেলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 12:46 AM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৩৩৬ জন জনশক্তির ব্যাংক অ্যাকাউন্টে দুই মাসের বেতন ও ঈদ উল ফিতরের বোনাস জমা হয়েছে।

জনতা ব্যাংক লালবাগ শাখার ব্যবস্থাপক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেতনের এডভেসির কপি পাওয়ার পর রাত ৭টার নাগাদ সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর হিসাব নম্বরে বেতন ও বোনাস দিয়ে দেওয়া হয়েছে।

উপাচার্য এ কে এম নূর-উন-নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মাসের বেতন ৩০ সেপ্টেম্বর পরিশোধ করা হবে।

অর্থ সঙ্কটে বেতনভাতা বন্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়াদের চাকরি স্থায়ীকরণ করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল।

বকেয়া বেতন পরিশোধসহ ৭ দফা বাস্তবায়নের দাবিতে গত ১৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ক্লাস বর্জন করে উপাচার্যের কার্যালয় অবরোধ এবং অবস্থান কমসূচি শুরু করেন শিক্ষকদের একাংশ। অবরুদ্ধ উপাচার্যের কক্ষের সামনে শিক্ষক সমাজের ব্যানারে আরেক অংশ আমরণ অনশন শুরু করলে সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনজন।

পাঁচদিন অবরুদ্ধ থাকার পর শনিবার গভীর রাতে আন্দোলনকারী শিক্ষকরা অবরোধ তুলে নিলে তিনি কার্যালয় থেকে বের হয়ে আসেন।

কিন্তু রোববার বিকাল ৩টা থেকে চাকরি হারানো ৩৩৮ জন কর্মকর্তা-কর্মচারী আবারো তাকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করেন। বিশৃঙ্খল পরিস্থিতিতে পদত্যাগের ইচ্ছাও জানিয়েছিলেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী।

অবশ্য তাদের  কিছু দাবি মেনে নেয়া আশ্বাসে রাত ১টা ২০ মিনিটে কর্মসূচি প্রত্যাহার করা হলে অবরোধমুক্ত হন উপাচার্য।

বেতনের পাওয়ার খবরের পর মুক্তিযুদ্ধের চেতনায় সম্মিলিত শিক্ষক সমাজের সদস্য সচিব তুহিন ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ মাসের বিভিষীকাময় জীবনের অবসান হয়েছে। এখন স্ত্রী-সন্তানদের সামনে হাসি মুখে দাঁড়াতে পারবো।

আগামীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।