‘সংঘাতের দায় দুই দলকেই নিতে হবে’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছাতে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সিপিবি সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেছেন, নির্বাচন ঘিরে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় দুই দলকেই নিতে হবে।
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ) সমাবেশে তিনি এ কথা বলেন।
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দেশের বড় দুই রাজনৈতিক দল এখনো সমঝোতায় আসতে পারেনি। সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা নিয়ে জনগণের মনে শঙ্কা কাজ করছে।
“নির্বাচনকে ঘিরে দেশে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে তার দায় কেবল আওয়ামী লীগ ও বিএনপিকে নিতে হবে।”
তিনি বলেন, “আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এটা জেনেই সিলেটে ছাত্রলীগের কর্মীরা দেশের প্রগতিশীল আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে।”
সমাবেশে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, “দেশের মানুষ সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু দেশের বড় দুই রাজনৈতিক দল ক্ষমতায় থাকা ও যাওয়া নিয়ে মল্লযুদ্ধ চালিয়ে যাচ্ছে।”
যে কোনো মুহুর্তে দেশ সংঘাতের দিকে যেতে পারে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে দেশে দুই দল কোন স্বৈরতান্ত্রিক পরিবেশ তৈরি করলে জনগণকে নিয়ে তাদের স্বৈরতান্ত্রিক মহড়া প্রতিরোধ করা হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন, বজলুর রশীদ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব এলাকা ঘুরে পল্টনে গিয়ে শেষ হয়।
