‘এই মিজান সেই মিজান নয়’
সুইজারল্যান্ডে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের ওপরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রকাশিত সংবাদ নাকচ করে দিয়েছে মানবাধিকার কমিশন।
সোমবার সন্ধ্যায় কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাম এক হওয়ায় এবং কমিশনের সাথে কোন কথা না বলেই এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত রোববার ড. মিজানুর রহমান জুরিখে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদানের পর জেনেভাতে অন্য একটি সেমিনারে যোগদানের জন্য রওনা হন।
“তিনি সামাজিক অনুষ্ঠান ত্যাগ করার পর ওই অনুষ্ঠানে উপস্থিত বিবদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একজন ব্যক্তি আহত হন তার নামও মিজানুর রহমান। তিনি সুইজারল্যান্ডের বিএনপির সাবেক সভাপতি।
“জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।”
আহত ব্যক্তি এবং মানবাধিকার চেয়ারম্যানের নাম এক হওয়ায় কিছু কিছু অনলাইন পত্রিকা অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে বলে দাবি করা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে, ড. মিজানুর রহমান সুইজারল্যান্ডে হামলার স্বীকার হয়েছেন বলে সোমবার সকালে সংবাদ প্রকাশ করে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল।
