২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে কলেজের নৈশ প্রহরী খুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি কলেজের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

সোমবার ভোরে এ হামলায় নিহত হন দ্বারিকা পাল মহিলা কলেজের নৈশ প্রহরী কনক লাল দাশ (৪৫) । তিনি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর গ্রামের বাণী লাল দাশের ছেলে।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দায়িত্বরত অবস্থায় কলেজের বারান্দায় ভোরে কোনো এক সময় কনককে মাথায় উপর্যপরি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা সঙ্কটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

সুরতহাল রিপোর্টে নিহতের মাথায় ধারালো অস্ত্রের চারটি আঘাত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।