চট্টগ্রামে স্বর্ণ চোরাচালানি সন্দেহে গ্রেপ্তার ১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে আব্দুস সাত্তারকে (২২) গ্রেপ্তারের পর রাতে ঢাকা বিমানবন্দর পুলিশের হাতে সোপর্দ করা হয়। তিনি নোয়খালীর হাতিয়া উপজেলার বুড়িশ্চর রেহানিয়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ইমিগ্রেশন) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত্তার চট্টগ্রাম বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার একটি বিমানে শারজাহ যাওয়ার প্রস্তুতি নিয়েছিল।
“সে আন্তর্জাতিক চোরাচালানি দলের সদস্য। তার বিরুদ্ধে ঢাকা বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আছে।”
বিমানবন্দর পুলিশ গ্রেপ্তারের পর সাত্তারকে প্রথমে নগরীর পতেঙ্গা থানায় এবং পরে সেখান থেকে ঢাকা বিমানবন্দর পুলিশের কাছে সোপর্দ করা হয়।
