২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের অর্থ পাচার: ‘সাক্ষ্যগ্রহণ ৩০ সেপ্টেম্বর’

তারেক রহমান এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় শর্ত সাপেক্ষে ৩০ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছে আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 09:36 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোতাহার হোসেন এ তারিখ রাখেন।

এর আগে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানায়, তারা এই মামলার বিচারকাজ অন্য একটি আদালতে স্থানান্তরের জন্য উচ্চ আদালতে আবেদন করেছেন। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদালতে মামলার বিচার কাজ চলতে পারে না।

পরে বিচারক ৩০ সেপ্টেম্বর আদালত বদলির আদেশ দাখিল অথবা তা না পারলে ওই দিন পরবর্তী সাক্ষ্য নেয়ার তারিখ ঘোষণা করেন।

আসামিপক্ষ নানা অজুহাতে এ মামলার বিচার পেছানোর কৌশল নিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

এর আগে গত ১ সেপ্টেম্বর এ মামলায় বিচারকের বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবীরা অনাস্থা এনেছিলেন।

তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আ মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

এ মামলায় ২০১১ সালের ৬ জুলাই তারেক ও মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

অভিযোগপত্র আমলে নিয়ে ২০১১ সালের ৮ অগাস্ট মামুন ও তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।

এ মামলার তারেক রহমান পলাতক রয়েছেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন।