কামরাঙ্গীরচরে ৬০টি ঘর ভস্মীভূত
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার রনি মার্কেট সংলগ্ন কাঠপট্টি এলাকায় অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শনিবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ১০ জন মালিকের প্রায় ৬০টি কাচাঘর পুড়ে গেছে।
দমকল বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হননি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, ফজলুল হোসেন নামে এক বাসিন্দার ঘর থেকে আগুনের সূত্রপাত। প্রথমে সেটি কেউ আমলে না নিলেও একসময় পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
কামরাঙ্গীরচর থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, কামরাঙ্গীরচরের রনি মার্কেট সংলগ্ন এলাকায় কাচাঘর তুলে সাধারণ মানুষ বসবাস করতো।
