চাঁপাইনবাবগঞ্জে চরের জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০
সদর উপজেলার নারায়ণপুরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
শনিবার ভোরে এ সংঘর্ষ চলাকালে প্রায় ৩০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
সদর থানার ওসি এসএম বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি পদ্মা নদীর ওপারে সীমান্তবর্তী দুর্গম চর এলাকায় হওয়ায় পুরিশ পৌঁছতে সময় লাগবে।
তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর কবিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী শরীয়তুল্লাহ লাহু, হুমায়ন মেম্বার ও আজিমের বিরোধ চলে আসছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, নারায়ণপুর ইউনিয়নের সীমান্তবর্তী সাতরশিয়া গ্রামের কাছে প্রায় ৪শ’ বিঘা জমি দীর্ঘদিন ধরে পতিত রয়েছে। ওই জমির শতাধিক বিঘায় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা ফসল আবাদ করে।
এ ফসলের দখল নিয়ে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে প্রতিপক্ষ আলমগীরের ঘোষপাড়ার বাড়িতে হামলা চালায়। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয়পক্ষ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রায় ৩০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
গ্রেপ্তার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে বলেও দাবি এলাকাবাসীর।
