‘পার্বত্যাঞ্চলে আশ্রয়ে ভারতের বিদ্রোহীরা’
দমন অভিযানের পরও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহীদের একটি অংশ বাংলাদেশে ঢুকে পড়েছে বলে আসামের একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে আসাম ট্রিবিউন বলছে, অন্তত ২০০ বিদ্রোহী পার্বত্য চট্টগ্রামে আশ্রয় নিয়েছে এবং এই খবরটি সম্প্রতি ঢাকায় বিজিবির সঙ্গে বৈঠকে বিএসএফের পক্ষ থেকে তোলা হয়েছে।
সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এখনো পুরো মাত্রায় ঘাঁটি বিদ্রোহীরা গাঁড়েনি। তবে অন্তত ২৫টি স্থানে তারা অবস্থান করছে। এই আশ্রয়স্থলগুলো পার্বত্য তিন জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায়।
এই বিদ্রোহীদের অধিকাংশ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার (এনএলএফটি) সদস্য বলে খবরে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন উলফা, মনিপুরের পিএলএ ও ইউএনএফ এবং নাগাল্যান্ডের এনডিএফবি দলের সদস্যরা রয়েছে।
বাংলাদেশে ঢুকে পড়াদের এই দলে এনডিএফবির রঞ্জন দাইমারি নেতৃত্বাধীন অংশের কেউ রয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি ভারতের কর্তৃপক্ষ।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর উত্তর-পূবাঞ্চলের বেশ কয়েকজন বিদ্রোহী নেতাকে আটক করে ভারত।
তারা বাংলাদেশে আটক হন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হলেও ঢাকার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। নয়া দিল্লির পক্ষ থেকে বলা হয়ে, সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আসাম ট্রিবিউনের খবরে বলা হয়, পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকায় এসব বিদ্রোহীরা অবস্থান নেয়ায় সুনির্দিষ্ট তথ্য ছাড়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দুরূহ।
