২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পোশাককর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের কলসি দিঘীর পাড় এলাকা থেকে এক নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার রাত দেড়টার দিকে ইপিজেড থানার কলসী দীঘির পাড় এলাকার শফি ভবনের নিচ থেকে খালেদা বেগম মায়ার  (২১) লাশ উদ্ধার করা হয়ে।

বাঁশখালী উপজেলার কাতারিয়া এলাকার আবদুল করিমের মেয়ে মায়া চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে ইদ্রিস আলী রানা (১৯) নামে আরেক পোশাককর্মীকে আটক করেছে পুলিশ। তিনি বাগেরহাটের শরণখোলার বাসিন্দা।

মায়াকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তবে আটক ইদ্রিস দাবি করেছেন, তিনি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মায়া আত্মহত্যা করেছেন।

পুলিশের বন্দর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  শফি ভবনের একটি কক্ষে ভাড়া থাকেন ইদ্রিস। মায়া রাতে ইদ্রিসের সঙ্গে দেখা করতে আসেন। ঘটনাস্থল থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ইদ্রিসকে আটক করে।

এডিসি মনজুর মোর্শেদ আরো বলেন, মায়া পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তাকে ধাক্কা দিয়েও ফেলে দেয়া হতে পারে।

মায়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা ইদ্রিস স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

“ইদ্রিস দাবি করছেন, গতরাতে তাকে বিয়ের প্রস্তাব দেয় মায়া। এখনি বিয়ে করতে রাজি না হওয়ায় মায়া ছাদ থেকে লাফিয়ে পড়ে।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।