২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন’

শেখ হাসিনার নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 09:07 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

শুক্রবার নাটোরের কানাইখালী বাসস্ট্যান্ডে এক জনসভায় তিনি বলেন, রোজ কিয়ামত না হলে আগামী ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে। এই নির্বাচন হবে শেখ হাসিনার নেতৃত্বাধীন ছোট আকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না।

বিরোধী দলের ‘অপপ্রচারের’ প্রতিবাদ জানাতে জেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করা হয় বলে নেতৃবৃন্দ জানান।

সাবেক এই স্বাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুসারে বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এর কোনো ব্যতিক্রম হবে না।

আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে ডুবে যাবে, দেশে মহাবিপর্যয় দেখা দেবে বলে দলের হুঁশিয়ার করে দেন নাসিম।

তাই তিনি দলের নেতাকর্মীদের বিরোধীদলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগ সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাংসদ আব্দুল কুদ্দুস, জুনায়িদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।