অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিল বাতিলের দাবি
অর্পিত সম্পত্তির গেজেটের ‘খ’ তফসিল বাতিলসহ কয়েকটি দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাসদ।
শুক্রবার বিকালে নগরীর ২নং রেলগেইট এলাকায় এই সমাবেশ আয়োজন করে বাসদ জেলা শাখা।
তাদের অন্য দাবিগুলো হল অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইনের জটিলতা নিরসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর বাসদ নেতা অসিত বরণ বিশ্বাস, বাসদ জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা সেলিম মাহমুদ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন করলেও এটা অনেক জটিলতা তৈরি করেছে। সেখানে গেজেটে ‘খ’ তফসিলের তালিকায় অর্পিত সম্পত্তির সংজ্ঞায় পড়ে না এমন সম্পত্তিও তালিকাভুক্ত হয়েছে। ফলে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক হয়রানির শিকার হচ্ছে।
মামলার ক্ষেত্রে অনেক ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছে। নেতৃবৃন্দ এমতাবস্থায় ‘খ’ তফসিল বাতিল এবং দ্রুত জটিলতা নিরসন করে সংখ্যালঘু তথা সাধারণ মানুষের সম্পত্তির অধিকার নিশ্চিত করার দাবি জানান।
