২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের ঢিলে আহত হয়ে হাসপাতালে জাপানি পর্যটক

কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর কর্মীদের ছোড়া ঢিলে চোখে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাপানি এক পর্যটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 05:03 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

শিহো নিশিয়ামা (৩১) নামে ওই নারী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওই বিদেশিনী বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিলেন।

সাতকানিয়া উপজেলার কেরানীহাটে রাত সাড়ে ১১টার দিকে বাস লক্ষ্য করে হরতালকারীদের ছোড়া একটি ঢিল শিহো’র চোখে এসে লাগে।

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকে বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর চালায় জামায়াত ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।  

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসের সুপারভাইজার জাপানি নারীকে রাত দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসে। শিহো নিশিয়ামোর বাম চোখ ও এর নিচে আঘাত লেগেছে।

এই জাপানি নারীর পাসপোর্ট দেখে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন তিনি।

চমেক হাসপাতালের চক্ষু ওয়ার্ডের সহকারী নিবন্ধক শেলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশি এই নারীর বাম চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে।

উন্নত চিকিৎসার জন্য শিহোকে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে। তবে চমেকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ডা. শেলী বিশ্বাস জানান।

সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে হরতালকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতাকনিয়া এলাকায় বেশ কিছু গাড়ি ভাংচুর করেছিল।

তবে কোনো বিদেশী পর্যটক আহত হওয়ার খবর তারা পাননি।

ওই ভাংচুরে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ১৬ জনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

দুদিনের হরতালের প্রথম দিন বুধবার সাতকানিয়ার জোড় পুকুর এলাকায় শিবিরকর্মীদের ছোড়া গুলিতে আহত হন এক পুলিশ কনস্টেবল। 

পুরনো খবর:

জাপানি পর্যটককে ঢাকায় স্থানান্তর