২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে এক প্রশ্নে দুই পরীক্ষা, শিক্ষার্থীরা বিপাকে

একই প্রশ্নপত্রে দুটি পরীক্ষা নেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীদের ডিগ্রি পাওয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 04:39 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

গত বছরের ০১ জুলাই ২০১১-১২ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থীরা সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় যে প্রশ্নপত্রে ইংরেজি পরীক্ষা দেন। একই প্রশ্নে ওই বছরের ১৩ অগাস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) পরীক্ষা নেয়া হয়।

এদিকে একই প্রশ্নপত্রে দুটি পরীক্ষা গ্রহণকারী শিক্ষক হিমাদ্রী শেখর রায়েকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। ওই সময় ইংরেজি বিভাগের সেমিস্টার পরীক্ষার সভাপতি ছিলেন এই শিক্ষক।

আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল জানান, গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ড. হিমাদ্রী শেখর রায়কে সতর্ক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্তে আরো রয়েছে, আইপিই ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ইএনজি ১০১ কোর্সের পরীক্ষাটি একবার নেয়া হয়েছে বিধায় পুনরায় দেয়ার জন্য শিক্ষার্থীদের বাধ্য করা সমীচীন হবে না।

আইপিই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ১৬২.৫ ক্রেডিট অফার করা হয়েছে। কোনো শিক্ষার্থী ১৬০ ক্রেডিট সমম্পন্ন করলে তাকে ডিগ্রি দেয়ার বিধান রয়েছে।

“আইপিই বিভাগের বর্ণিত পরীক্ষার শিক্ষার্থীদের দুই ক্রেডিটের এই ইএনজি ১০১ কোর্স ছাড়াই ডিগ্রি প্রদান করা যেতে পারে। তবে কোনো শিক্ষার্থী চাইলে পরবর্তী ব্যাচের সঙ্গে ইএনজি ১০১ কোর্সের পরীক্ষা দিতে পারবে।”

সিন্ডিকেটের এই সিদ্ধান্তের কথা জানিয়ে গত ২৩ অগাস্ট আইপিই বিভাগে চিঠি দেন রেজিস্ট্রার যার স্মারক নং- রেজিঃ/১৩(১)ক/১/১৩২৪। 

কিন্তু আইপিই বিভাগ সিন্ডিকেটের এ সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছে না।

এ ব্যাপারে অধ্যাপক মোহাম্মদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,

বিশ্ববিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্তে ‘শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানের কোনো সুযোগ নেই’ জানিয়ে ৩১ অগাস্ট রেজিস্ট্রার বরাবর তিনি একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, “মনে হচ্ছে কে বা কারা ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুনরায় ইএনজি ১০১ কোর্সটি নিতে বাধ্য করছে। তা আমাদের বোধগাম্য নয়। দ্বিতীয়ত ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ১৬১.৫ ক্রেডিট অফার করা হয়েছে। এমতাবস্থায় উক্ত ইএনজি ১০১ ( ক্রেডিট) কোর্সটি ছাড়া ডিগ্রি প্রদানের কোনো সুযোগ নেই। ওই কোর্স ছাড়া মোট ক্রেডিট হবে ১৫৯.৫।”

চিঠি দেয়ার ২০ দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি, বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো নতুন যোগদান করেছি, বিষয়টি দেখা হবে। প্রয়োজনে সিন্ডিকেট সভা আসুক, বিষয়টি উত্থাপন করা হবে।”