রাজশাহীতে গ্যাস অফিসে হামলায় মামলা
গ্যাস সংযোগের অনুমতি না পেয়ে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি কার্যালয়ে হামলার ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ মামলায় মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক আশরাফুল আমিন সঞ্জয়কে শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
শাহমখদুম থানার ওসি হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির রাজশাহীর ইনচার্জ ও ব্যবস্থাপক তোফায়েল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় আশরাফুল আমিন সঞ্জয়সহ অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করা হয় বলে জানান তিনি।
এজাহারের বরাদ দিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে দলবল নিয়ে গিয়ে সঞ্জয় দলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং নিয়ম ভেঙ্গে ৪০টি বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার অনুমোদন দিতে বলেন।
এতে ব্যর্থ হয়ে তারা গ্যাস কম্পানির রাজশাহী কার্যালয়ে ভাঙচুর চালান এবং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এদিকে গ্যাস কোম্পানি কার্যালয়ে হামলার নিন্দা ও প্রতিবাদ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা।
