সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ভাঙন
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে আরো ৮০ মিটার এলাকা যমুনা নদীতে তলিয়ে গেছে।
স্থানীয় পৌর কাউন্সিলর তাজউদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে পুরাতন জেলখানা ঘাটের সামনের অংশে নদীর পানিতে বুদবুদ উঠতে থাকে। এর কিছুক্ষণ পরই ভাঙন শুরু হয়।
খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
সরজমিন গেলে দেখা যায়, ভাঙন আতঙ্কে নদী তীরে শত শত মানুষ ভিড় করছে। এ সময় সেনাবাহিনীর ৯৮ সংমিশ্রণ বিগ্রেডের একটি টিম বাঁধ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
ব্যথোমেটিক সার্ভে মেশিন দিয়ে প্রতিদিন বাঁধ এলাকায় সার্ভে করার নিয়ম থাকলেও তা না মানায় ধস দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (বিশেষায়িত শাখা) সেকশন অফিসার আব্দুস সাত্তার বৃহস্পতিবার ভোর ৩টার দিকে জানান, এরই মধ্যে প্রায় ৮০ মিটার অংশ নদীতে ধসে গেছে। ঘটনার পর থেকেই ওই স্থানে জরুরি ভিত্তিতে পাথর এবং মধ্যরাত থেকে বালিভর্তি জিওব্যাগ নিক্ষেপ করে ধস নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
ব্যথোমেটিক সার্ভে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যা পর্যন্ত করা সার্ভে প্রতিবেদনে ধসের আশঙ্কা ছিল না। নদীতে ঘূর্ণাবর্তের কারণে আকস্মিক ধস দেখা দিয়েছে।
এর আগে গত ৮ অগাস্ট ঘটনাস্থলের পাশাপাশি বাঁধের উত্তর অংশে ১০০ মিটার বাঁধ যমুনা নদীতে ধসে যায়।
যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় ১৯৯৫-২০০০ অর্থবছরে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ এলাকার ভাঙন নিয়ন্ত্রণের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮৪ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ৩৩ হাজার ২৮৮ মেট্রিক টন পাথর এবং ১ লাখ জিওব্যাগ ফেলার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়।
