তথ্যপ্রযুক্তি বিল সংসদে, পাস হলে বাড়বে শাস্তি
তথ্যপ্রযুক্তির ‘অপব্যবহার’ রোধে সর্বোচ্চ শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) বিল-২০১৩ সংসদে উত্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।
পরে এটি পরীক্ষা করে সাতদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সংসদ অধিবেশন না থাকায় গত ২০ অগাস্ট বহুল আলোচিত ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের সংশোধনে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি।
১৯ অগাস্ট এই অধ্যদেশের অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।
অধ্যাদেশটি পরবর্তীতে আইনে পরিণত করতে সংসদে উপস্থাপনের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করানোর বিধান আছে।
বিধান অুনযায়ী গত ১২ সেপ্টেম্বর আইসটি অধ্যাদেশ সংসদে তোলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
প্রস্তাবিত আইনে শাস্তির মেয়াদ বৃদ্ধি করে ন্যূনতম ৭ বছর এবং সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ২০০৬ সালের পাস হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সর্বোচ্চ ১০ বছর সাজার বিধান ছিল।
বিলে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছাড়া আসামিকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।
ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ, রাসেল পারভেজ ও আসিফ মহীউদ্দিন; আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভর বিরুদ্ধে এ আইনেই মামলা হয়েছে।
এছাড়া প্রস্তাবিত আইনে কিছু অপরাধ জামিন অযোগ্য করা হয়েছে।
আগের আইনে সব অপরাধ জামিনযোগ্য ছিলো। বিলে আইসিটি সংক্রান্ত বেশকিছু অপরাধ আমলযোগ্য রাখা হয়েছে।
আগের আইনে মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার বিধান থাকলেও নতুন আইনে পুলিশ অপরাধ আমলে নিয়ে মামলা করতে পারবে।
