২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবহানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডট্কম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার অভিযোগ আমলে নিয়ে আগামী ২ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছেন।

গত রোববার প্রসিকিউশন বিভাগ জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেয়।

ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন সাংবাদিকদের বলেন, “আমরা নয়টি অভিযোগের ভিত্তিতে মোট ৮৬ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছি। এসব অভিযোগের সঙ্গে দালিলিক প্রমাণসহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে।”

তিনি জানান, তদন্তে সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ পাওয়া গেছে। গত বছরের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে চলতি বছরের ১২ সেপ্টেম্বর শেষ হয়। তদন্তে ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।

তদন্ত সংস্থার সমন্বয়ক জানিয়েছিলেন, সুবহানের বিরুদ্ধে আট ধরনের অপরাধের মোট নয়টি অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র।

১৯৩৬ সালে পাবনার সুজানগর থানার মানিকহাটি ইউনিয়নের তৈলকুণ্ডি গ্রামে জন্ম সুবহানের। পাকিস্তান আমলে পাবনা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য ছিলেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি পাবনা জেলা শান্তি কমিটির সেক্রেটারি এবং পরে ভাইস-প্রেসিডেন্ট হন।

তার নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন থানায় শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস ও মুজাহিদ বাহিনী গঠিত হয় বলে অভিযোগ রয়েছে।

একাত্তরের ২৫ মার্চ কালরাতে ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ শুরু হলে পাকিস্তানি সেনাদের সঙ্গে নিয়ে সুবহান পাবনায় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করেন বলে অভিযোগ এসেছে।

পাবনা সদরের সাবেক সংসদ সদস্য সুবহানের বিরুদ্ধে অভিযোগ, মুক্তিযুদ্ধ চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও হিন্দু সম্প্রদায়ের লোকদের নামের তালিকা করে পাকিস্তানি সেনাদের কাছে সরবরাহ করতেন তিনি।

মুক্তিযুদ্ধের শেষদিকে ইয়াহিয়া সরকারের পতন দেখে গোলাম আযমের সঙ্গে তিনিও পাকিস্তানে চলে যান সুবহান। রাজনৈতিক পট পরিবর্তনের পর তিনি দেশে ফেরেন এবং পরে সংসদ সদস্যও হন।

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সদস্য সানাউল হক বলেন, মওলানা সুবহান মুক্তিযুদ্ধ চলাকালে পাবনা জেলার বিভিন্ন থানায় পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের নিয়ে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেন।

Image
জামায়াত নেতা আব্দুস সুবহান।

জামায়াত নেতা আব্দুস সুবহান।

সুবহানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে-

> ১৯৭১ সালের ১৭ এপ্রিল সহযোগী জামায়াত নেতা ও বিহারীদের নিয়ে পাবনার ঈশ্বরদীর জামে মসজিদে আশ্রয় নেয়া স্বাধীনতাকামী মানুষদের অপহরণ করে হত্যা করা।

> ১৩ এপ্রিল তার নেতৃত্বে ও উপস্থিতিতে ঈশ্বরদীর যুক্তিতলা গ্রামে লুটপাট ও ব্যাপক ক্ষতি করে পাঁচজন নিরস্ত্র মানুষকে হত্যা করে এবং তিনজনকে গুরুতরভাবে আহত করা হয়।

> ১৬ মে ঈশ্বরদী অরণখোলা গরুর হাট থেকে দুজনকে অপহরণ করে জেলা পরিষদ ডাক বাংলোতে (ঈশ্বরদী, পাবনা) নিয়ে নির্যাতন করা।

> ২ মে তার নেতৃত্বে পাকিস্তানি সেনারা ঈশ্বরদীর সাহাপুর গ্রামে অসংখ্য বাড়িঘরে লুটপাট করে বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং কয়েকজনকে হত্যা করে।

> ১১ মে তার নেতৃত্বে ও উপস্থিতিতে পাকিস্তানী সেনাবাহিনী পাবনা সদর থানার কুলনিয়া ও দোগাছি গ্রামে অভিযান চালিয়ে সাতজন নিরস্ত্র ও স্বাধীনতাকামী মানুষকে হত্যা এবং কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেয়া।

> ১২ মে তার নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর এক বিরাট বহর সুজানগরের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তিন-চারশ’ মানুষকে হত্যা করে বিভিন্ন বাড়িঘরে লুটপাট চালায় ও পুড়িয়ে দেয়া।

> ২০ মে তার নেতৃত্বে পাবনা সদর থানার ভাড়ারা গ্রামে ১৮ জনকে অপহরণ করে হত্যা। এদের মধ্যে একজনকে ওই গ্রামের একটি স্কুলে হত্যা করা হয়। বাকি ১৭ জনকে সদর থানার নূরপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়ে নির্যাতনের পরে আটঘরিয়া থানার দেবত্তোর বাজারের পাশে বাঁশবাগানে গুলি করে হত্যা করা।

> সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজাকারদের সঙ্গে নিয়ে আতাইকুলা থানার (সাবেক পাবনা সদর থানা) দুবলিয়া বাজার থেকে দুজন স্বাধীনতাকামীকে অপহরণ করে কুচিয়ামাড়া গ্রামে একটি মন্দিরের ভেতরে নিয়ে গুলি করে হত্যা করা।

> ৩০ অক্টোবর রাজাকারদের সঙ্গে নিয়ে ঈশ্বরদীর বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে লুটপাট চালিয়ে পুড়িয়ে দেয়া এবং চারজনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে সুবহানকে গ্রেপ্তার করে পুলিশ।

এর তিন দিন পর প্রসিকিউশন তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়।

প্রসিকিউশনের আবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনাল ৩০ সেপ্টেম্বর এই জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সাবেক সংসদ সদস্য হিসেবে কারাগারে বিশেষ মর্যাদা পাচ্ছেন তিনি।

সুবহানের আগে সম্প্রতি জামায়াতের দুই নেতা মীর কাসেম আলী, এ কে এম ইউসুফের বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের শুনানি চলছে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে।

এর আগে বিচার প্রক্রিয়া শেষ করে ট্রাইব্যুনালে পাঁচ জামায়াত নেতার বিরুদ্ধে রায় হয়েছে। তারা হলেন- আব্দুল কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী, গোলাম আযম, মো. কামারুজ্জামান ও আলী আহসান মো. মুজাহিদ।

এর মধ্যে গোলাম আযম ও কাদের মোল্লা ছাড়া অন্য সবার মৃত্যুদণ্ড হয়েছে। গোলাম আযমের ৯০ বছর এবং কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

এছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিচার শেষের পথে রয়েছে।