২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে ভাংচুরে দুদক কর্মকর্তা আহত

জামায়াতে ইসলামীর হরতালে রাজধানীর ধানমণ্ডিতে পিকেটারদের ভাংচুরের মুখে পড়েছেন দুদকের দুই কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 01:31 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে এই হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনে এই ভাংচুর হয় বলে পুলিশ জানিয়েছে।

দুই কর্মকর্তা মীর জয়নুল আবেদীন শিবলী ও মফিদুল ইসলাম এতে আহত হলেও তারা গুরুতর জখম হননি বলে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

দুদকের উপপরিচালক শিবলী হল-মার্ক কেলেঙ্কারিসহ বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্ত করেছেন।

পুলিশ পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি ভাংচুরের খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তবে রাস্তার ওপর গাড়ির কাঁচ ভাঙা পড়ে থাকতে দেখেছেন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, ভাংচুরের সময় সেখানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণও ঘটেছে।

দুদক চেয়ারম্যানের একান্ত সচিব বলেন, “ধানমণ্ডিতে গাড়ি ভাংচুরের ঘটনায় আমাদের দুই কর্মকর্তা সামান্য আহত হন। তারা এখন ভাল রয়েছেন।”