চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
হরতালের মধ্যে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। তিনি পাঁচলাইশ থানা জামায়াতের আমির।
একাত্তরে গণহত্যার জন্য দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে জামায়াতের হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে পাঁচলাইশের রওশন বোর্ডিংয়ের সামনে থেকে শামসুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার শাহ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামসুজ্জামানের বিরুদ্ধে পাঁচলাইশ এলাকায় ভাংচুর, পুলিশের ওপর হামলা ও অগ্নিসংযোগের তিনটি মামলায় পরোয়ানা ছিল।
এই জামায়াত নেতার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
