২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিত

নিয়োগপত্র দেয়াসহ আট দফা দাবিতে ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 01:36 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই ধর্মঘট ডেকেছিল তারা।

শ্রমিক ফেডারেশনের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ সব মহানগর ও জেলাতে কাগজপত্র পরীক্ষার নামে পুলিশি হয়রানি বন্ধ করা, হাইওয়ে পুলিশের দায়ের করা মামলা নিজ নিজ জেলায় নিষ্পত্তির ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় কবলিত গাড়ি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে থানা থেকে জামিনের ব্যবস্থা করা, বাস-ট্রাক-কাভার্ডভ্যানে ছিনতাইয়ের ঘটনায় তদন্ত ছাড়াই চালক ও তার সহকারীকে মামলায় না জড়ানো, দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা না দেয়া এবং যেখানে মামলা আছে তা প্রত্যাহার করা, ড্রাইভিং লাইসেন্স রিভিউ করার ক্ষেত্রে হয়রানি বন্ধ করা।

শ্রমিক নেতারা বৈঠকে ঢাকা-চট্টগ্রামসহ সব মহাসড়কে দিনের বেলায় সব মিনি ট্রাক ও পিকআপ চলাচলের অনুমতি চান। এছাড়া জেলা পর‌্যায়ে একাধিক ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক সংগঠনের রেজিষ্ট্রেশন বন্ধের আহ্বান জানান।

প্রায় তিন ঘণ্টা শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে স্বারাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, আলোচনা ফলপ্রসু হওয়ায় ২৩ তারিখের পণ্য পরিবহনে ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এ সময় নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।