বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সড়ক নির্মাণের সুপারিশ
নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ- মিয়ানমার সীমান্তের ৫৩ কিলোমিটার এলাকায় সড়ক নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
এ সড়ক নির্মাণে অর্থ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ ছাড়ের ব্যবস্থারও সুপারিশ করা হয়।
বুধবার জাতীয় সংসদে ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৩ জুন সংসদীয় কমিটির বৈঠকে সীমান্ত জেলাগুলোতে আটকে পড়া মিয়ানমার শরণার্থীদের নিয়ে সৃষ্ট সংকট নিরসনে করণীয় নির্ধারণে কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের সাব-কমিটি গঠন করা হয়।
এই কমিটির অন্য সদস্যরা ছিলেন- ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নাজমা আক্তার ও জাহিদ মালেক।
কমিটির সভাপতি নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, জাহিদ মালেক, এ এম মাহবুব উদ্দিন খোকন, নসরুল হামিদ, নাজমা আক্তার ও সাইফুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
