২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেয়ায় পেশকারকে শোকজ

আইনজীবীর কাছ থেকে পাঁচশ টাকা ঘুষ নেয়ার অপরাধে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের একজন পেশকারকে কারণ দর্শাতে বলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 11:04 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

ওই পেশকারের নাম জয়নাল আবেদিন। তিনি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ এ কাজ করতেন।

ওই আদালতের আইনজীবী চৌধুরী মোহাম্মদ গালিব রাগিব এ প্রতিবেদককে বলেন, “এর আগেও পেশকার জয়নালের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছিল। তিনি আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।”

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, গত ১৭ সেপ্টেম্বর আইনজীবী রায়হান মোর্শেদ মামলার নথি দেখতে চাইলে তার কাছে পাঁচশ টাকা ঘুষ দাবি করেন জয়নাল। পরে আইনজীবী মোর্শেদ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেনের কাছে লিখিত আবেদন করেন।

আবেদনটির অনুলিপি সুপ্রিম কোর্টের নিবন্ধক (রেজিস্ট্রার), ঢাকার জেলা ও দায়রা জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা শিউলি, কোর্ট রিপোর্টার্স অ্যাসেসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।

আবেদন পাওয়ার পর বিচারক পেশকার জয়নাল আবেদিনকে কারন দর্শানোর নেটিস দেন।

ঘুষ গ্রহণের বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।