২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চোখের ডাক্তার দেখান’

বিরোধী দলীয় নেতাকে চোখের চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 10:15 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

সম্প্রতি বিভিন্ন সমাবেশে উন্নয়ন প্রকল্প নিয়ে ‘অসত্য’ বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “উনি যদি চোখে কিছু না দেখেন, তাহলে আমি তাকে বলতে পারি- চোখের ডাক্তারের কাছে যান।”

বুধবার জাতীয় সংসদে সিরাজুল আকবরের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ খাতের উন্নয়ন সংক্রান্ত প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, এ সরকারের আমলে এতো উন্নয়নের পরও বিরোধী দলীয় নেতা কোনো উন্নয়ন দেখেন না। এটা জাতির দুর্ভাগ্য।

“প্রতিনিয়ত জনগণের কাছে অসত্য তথ্য তুলে ধরেন বিরোধী দলীয় নেতা। কথন করার কিছু থাকে! এখন প্রতিনিয়ত ৬৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। মানুষ দুবেলা খেয়ে-পরে ভালো আছে। এখন উনি যদি চোখে কিছু না দেখেন, বলতে পারি চোখের ডাক্তারের কাছে যান।”

নাজিম উদ্দিন আহমেদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার আইন শৃঙ্খলা উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করেছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকারের আলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

এ সময় আইন শৃঙ্খলা উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকালে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল।