ফরিদপুরে লুট হওয়া চাল ঝিনাইদহে উদ্ধার
ফরিদপুরের মধুখালীতে লুট হওয়া এক ট্রাক চাল ঝিনাইদহের শৈলকুপায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে শৈলকুপা শহরের কবিরপুরে লিয়াকত হোসেন ও যদু দে-এর ভাড়া গুদাম থেকে এ চাল উদ্ধার করা হয়।
যশোরের ঝিকরগাছার ব্যবসায়ী গোবিন্দ বণিক জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা এ চাল রোববার রাতে ট্রাকে করে টঙ্গী নতুন বাজারে পাঠানো হয়। রাত ১টার দিকে ফরিদপুরের মধুখালী ও কানাইপুরের মধ্যবর্তী স্থানে একটি খালি ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে ডাকাতরা। তারপর চালক ও সহকারীকে ফেলে দিয়ে ৩৮০ বস্তা চালসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঝিনাইদহের হাট গোপালপুরে খালি ট্রাকটি ফেলে রেখে ডাকাত দল পালিয়ে যায়। দুপুরে পাট গুদাম থেকে চাল উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে মঙ্গলবার ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
