সাতক্ষীরায় জামায়াতের হামলা, ভাংচুর
জামায়াতের ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে সাতক্ষীরায় পুলিশ ও বিজিরি উপর হামলা চালিয়েছে পিকেটাররা।
বুধবার সকালে শহরের অদূরে কদমতলা এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের পর সারাদেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডাকে দলটি। ১৯৭১ এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাকে মৃত্যুদণ্ড দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকশ’ জামায়াত-শিবিরকর্মী কদমতলায় সাতক্ষীরা-যশোর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে পিকেটিং শুরু করে। এদিকে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি পরিবহন শহরে ঢোকার মুখে অবরোধের মুখে আটকা পড়লে পুলিশ-বিজিবির নিরাপত্তা নিয়ে তারা একযোগে শহরে আসার চেষ্টা করে।
এ সময় পুলিশের গাড়িবহর সামনে চলে গেলে পিছনে থাকা পরিবহনের মধ্যে একে ট্রাভেলস, এসপি গোল্ডেন লাইন, বলাকা পরিবহনসহ ৯টি যাত্রীবাহী বাস ভাংচুর করে তারা। তাৎক্ষণিক পুলিশ ও বিজিবির বহরটি ফিরে এলে জামায়াত-শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
এ সময় পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া চারটি মোটরসাইকেল ও ১০টি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
এদিকে হরতালকারীরা শহরের কাছে বিনেরপোতা, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল চেকপোস্ট, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুরসহ কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।
হরতালে শহরের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে।
