২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও যানজট

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে জামায়াতে ইসলামীর হরতালে রাজধানীতে তেমন সাড়া দেখা যাচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:42 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন বুধবার সকালে গাড়ি চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। দুপুরে কয়েকটি স্থানে যানজটও দেখা গেছে।

মঙ্গলবার আপিল বিভাগ দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর তার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে জামায়াত।

জামায়াতের হরতালে তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের বেশ তৎপর দেখা যায় সব সময়। এবারের হরতালে রাজধানীতে সেই ধরনের পিকেটিং দেখা যায়নি।

রাজধানীতে দুপুর পর্যন্ত গাড়ি ভাংচুর কিংবা পোড়ানোর কোনো খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল থেকে হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। র‌্যাবের পাশাপাশি রাজধানীতে টহলে রয়েছে বিজিবিও।

দূরপাল্লার বাস টার্মিনালগুলো থেকে কোনো বাস ছেড়ে না গেলেও নগর পরিবহন স্বাভাবিকভাবেই চলতে দেখা গেছে। প্রচুর রিকশা ও অটোরিকশাও রয়েছে সড়কে।

তবে অন্যান্য দিনের মতো সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কম। গাড়ি নিয়ে বের হওয়া একজন বলেন, “কিছু না ঘটলেও ভাংচুরের আশঙ্কা থাকায় অনেকে নিজের গাড়ি নিয়ে বের হতে চান না।”

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘুরে পল্টন মোড়, মগবাজার মোড়, কারওরান বাজার, বাংলা মোটর এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যানজট দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল তালুকদার।

এসব এলাকার প্রতিটি মোড়ে ছিল বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ। তাদের পথচারীদের তল্লাশি চালাতেও দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

গাবতলী বাস টার্মিনাল এলাকায় সকাল থেকে দূরপাল্লার কোনো বাস টার্মিনাল না ছাড়লেও সাভার ও মানিকগঞ্জগামী কিছু বাস চলাচল করতে দেখা যায়।

মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের হেলপার মো. মামুন বলেন, “হরতালে মহাসড়কে ভিড় থাকে কম, বেশি ট্রিপ মাইরা বেশি টাকা আয় করা যায়। তবে রিস্কও আছে।”

সাভারগামী জনসেবা পরিবহনের হেলপার মোহাম্মদ আলী বলেন, “হরতালে গাড়ি পোড়ায় বলে অনেক পরিবহন শ্রমিক কাজে বের হতে চান না। কিন্তু জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে কাজে বের হতে হয়।”

মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালের চিত্রও গাবতলীর মতোই।

বাস না চললেও সব ট্রেনই যথাসময়ে ছেড়ে যাচ্ছে বলে কমলাপুর রেল স্টেশন থেকে জানানো হয়েছে। সদরঘাট থেকে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে।

রাজধানীতে অফিস-আদালত খোলা রয়েছে। অনেক স্কুলও সচল থাকতে দেখা গেছে।

হরতালে রাজধানীর বাইরে কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে এক অটোরিকশা  চালক মারা গেছেন। রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে শিবিরকর্মীদের।

এছাড়া বিভিন্ন স্থানে শিবিরকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা চালালেও পুলিশ তাদের হটিয়ে দেয়।