২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে চট্টগ্রামে হাতবোমা বিস্ফোরণ-ভাংচুর

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে ডাকা হরতালের প্রথম দিনে চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে গাড়ি ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

ভাংচুরের পাশাপাশি হরতালকারীরা কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণও ঘটিয়েছে। অবিস্ফোরিত কয়েকটি হাতবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।    

মঙ্গলবার আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর তার মুক্তি দাবিতে বুধ ও বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামী। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানিয়েছেন, সকাল ৮টার দিকে বায়েজিদ থানা এলাকার সেনা কল্যাণ পেট্রোল পাম্পের সামনে থেকে পুলিশ দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, সকাল সোয়া ৭টার দিকে খুলশী জাকির হোসেন রোডে ঝটিকা মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।

সেখানে একটি টেম্পু ও একটি প্রাইভেটকার ভাংচুর করে হরতালকারীরা।

বাকলিয়া এলাকাতেও হরতালকারী শিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে।

মঙ্গলবার হরতাল ডাকার পর চট্টগ্রামের এনায়েতবাজারে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছিল শিবিরকর্মীরা।

হরতালের সকালে চট্টগ্রাম নগরী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

শহরের ভেতরে গাড়ি চলাচল সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে।

শহরের বাইরে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস) সংলগ্ন কয়েকটি এলাকা থেকে একযোগে মিছিল বের করে জামায়াত-শিবির। তারা সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের এএসপি সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে একযোগে বৃষ্টির মত পাথর ছোড়ে।

‘পরে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।”

প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও হরতালকারীদের সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানায়। এতে আহতের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।