জামালপুরে ৭ জামায়াত-শিবির নেতাকর্মী আটক
জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে জামালপুর শহর জামায়াতের আমিরসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা শহরের নয়াপাড়া এলাকায় জেলা জামায়াতের রুকন সামছুল হকের বাড়িতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ার পর জামায়াতে ইসলামী সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডাকে।
সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, সামছুল হকের বাড়িতে গোপন বৈঠকে তারা হরতালে নাশকতার পরিকল্পনা করছিলেন।
আটকরা হলেন শহর জামায়াতের আমির আব্দুর রশিদ (৪০), জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আছিমুল ইসলাম (২৮), জেলা শিবিরের আরেক সাবেক সভাপতি সুলতান আহম্মেদ (২৫), জামালপুর সদর উপজেলা শিবিরের সভাপতি সাজেদুল ইসলাম সবুজ (২২), শিবির সদস্য মোহাম্মদ আলী (৩০), খোরশেদ আলম (২২) ও ছানোয়ার হোসেন (৩৫)।
আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও ওসি জানান।
