কাদের মোল্লার রায়ে সমর্থন পাকিস্তানিদের
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়কে সমর্থন করেছেন অনেক পাকিস্তানি। পাকিস্তানভিত্তিক একটি সংবাদপত্রের অনলাইন পাঠকদের দেয়া মতামতে এই অবস্থান উঠে এসেছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে যুদ্ধাপরাধে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের পক্ষ নিয়ে নিজ দেশের মানুষের ওপর হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের জন্য তার বিচার হলো।
এক্সপ্রেস ট্রিবিউনে রায়ের খবর প্রকাশের পর তার প্রতিক্রিয়ায় রাজ নামে একজন লেখেন, “বাংলাদেশ এখন এমন একটি দেশ যার স্পষ্ট লক্ষ্য, সাহস ও দৃঢ়সংকল্প রয়েছে।”
“পশ্চিমাদের সমালোচনায় তাদের উদ্বিগ্ন হওয়া উচিত হবে না এবং যতো দ্রুত সম্ভব মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা উচিত হবে।”
একাত্তরে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান থেকে স্বাধীন হয় বাংলাদেশ। তখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের দোসর হয়ে কাজ করে জামায়াতে ইসলামী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায়ে যুদ্ধকালীন জামায়াতের আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ড হলে তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে পাকিস্তান জামায়াত।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ অন্তত আটজন এক্সপ্রেস ট্রিবিউনের ওই প্রতিবেদনের ওপর মন্তব্য দেন।
মুহাম্মদ সায়েম নামের একজন পাকিস্তান জামায়াতের বিচার দাবি করে বলেন, “আশা করি পাকিস্তানের সুপ্রিম কোর্ট জামায়াতে ইসলামীরও বিচার করবে। মানবতাবিরোধী অপরাধের তালিকা অনেক দীর্ঘ।”
“একজন খুনি সে খুনিই। আল্লাহর নামে কাউকে হত্যা করলো কিনা তা কোনো ব্যাপার না।”
“পাকিস্তানে আমরা যারা আছি তাদের চেয়ে বাংলাদেশিরা সাহসী,” রাবেয়া নামের একজন মন্তব্য করেন।
রাজ আবার লেখেন, “আমি আশা করি, পাকিস্তান এখন তার চোখ মেলবে!”
পারভেজ নামের আরেক পাঠক বলেন, “সঠিক কাজটি করার জন্য বাংলাদেশি আদালত ধন্যবাদ পাওয়া যোগ্য।”
এদিকে কাদের মোল্লার রায়ের পর সারা দেশে ৪৮ ঘণ্টার পর হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বিজিবি।
