খালেদাকে ধিক্কার মেননের
সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর বিচার শুরুর দাবি জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমি খালেদা জিয়াতে ধিক্কার জানাই। তিনি যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি জানাচ্ছেন। এখন সংগঠন হিসাবে জামায়াতের বিচার শুরু করতে হবে।”
‘কাদের মোল্লার ফাঁসির রায়ে আমরা আনন্দিত’ উল্লেখ করে মেনন বলেন, এটি সবার জন্য সুসংবাদ। এর মধ্য দিয়ে বিচার না পাওয়ার সংস্কৃতির অবসান ঘটেছে।
কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করে মেনন নতুন প্রজন্ম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে দেশের বিভন্ন জায়গায় বক্তব্য দেয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন তিনি।
মেনন বলেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত আবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে। চট্টগ্রাম ও ঢাকায় বিশৃঙ্খলা করেছে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করেছে। জামায়াত দেশকে অস্তিতিশীল করার চক্রান্ত করছে।
“আমি এই সংসদে আগেও বলেছিলাম, এখনও বলছি- সংগঠন হিসাবে জামায়াতে ইসলামীর বিচার শুরু করতে হবে।”
বিকাল ৫টায় স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
যুদ্ধাপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড হয়। ওই রায় প্রত্যাখ্যান করে দেশব্যাপী আন্দোলনের মধ্যে সরকার আইন সংশোধন করে প্রসিকিউশনের আপিলের সমান সুযোগ তৈরি করে।
রায়ের বিরুদ্ধে উভয় পক্ষ আপিল করলে মঙ্গলবার রায়ে সর্বোচ্চ আদালত আসামির আপিল নাকচ করে প্রসিকিউশনের আপিল গ্রহণ করে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
