‘ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগা’
ডিসেম্বর নাগাদ দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দশ হাজার মেগাওয়াট হবে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে ছয়শ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র এবং ভারত থেকে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানিসহ মোট প্রায় এক হাজার একশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। ফলে এই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়ে প্রায় দশ হাজার মেগাওয়াটে দাঁড়াবে।”
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সাধনা হালদারের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো জানান, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় চার হাজার ৫৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। অন্যদিকে, দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা নয় হাজার ৫৯ মেগাওয়াট।
জাতীয় সংসদের ফাইল ছবি
লতি বছরের ১২ জুলাই দেশে সর্বোচ্চ ছয় হাজার ৬৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
নারয়াণগঞ্জ ২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে এনামুল হক জানান, ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুই লাখ ৮৩ হাজার ৭৬৫টি অবৈধ সংযেগ বিচ্ছিন্ন করা হয়েছে।
লক্ষ্মীপুর ৩ আসনের সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, গত চার বছরে সারাদেশে খনিজ সম্পদ অনুসন্ধানে মোট এক হাজার দুইশ ৯৮ কোটি ২৭ লাখ ব্যয় হয়েছে।
রংপুর ১ আসনের সাংসদ হোসেন মুকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে তিনি জানান, দিনাজপুরের হাকিমপুর উপজেলার চাকুপাড়া ও মাসিদপুর এলাকায় খনন করে ৫৭৫ দশমিক ৬১ মিটার এবং ৫৯৭ দশমিক ৫০ মিটার গভীরতার দশমিক ৩১ মিটার পুরুত্বের দু’টি ম্যাগনেটিক ব্যান্ডের অস্তিত্ব পাওয়া গেছে।
রোববারের অধিবেশনে এনামুল হকের অনুপস্থিতিতে তার পক্ষে সম্পূরক প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
চট্টগ্রাম ৩ আসনের সাংসদ এ বি এম আবুল কাশেমের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু জানান, দেশে তিনটি সরকারি চ্যানেল এবং ২০টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল চালু আছে।
‘বিজয় টিভি’ নামের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচারে রয়েছে। এছাড়া, ‘গানবাংলা’, ‘দীপ্ত বাংলা’ এবং ‘যমুনা টেলিভিশন’ পরীক্ষামুলক সম্প্রচারের অপেক্ষায় রয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সালমা ইসলামের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, “বেসরকারি টিভি চ্যানেলগুলো দেশের দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেছে- এটা একটি অনুমানভিত্তিক মন্তব্য।”
এদিকে, এক লিখিত প্রশ্নে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর কাছে জানতে চান, ‘অনলাইন নীতিমালা কবে ঘোষণা হবে এবং অনলাইনে বিজ্ঞাপন ও সাপ্লিমেন্ট প্রচারে না দিয়ে তৃতীয় গ্রেডের পত্রিকায় দেয়া কতখানি যুক্তিসঙ্গত; প্রয়োজনে বাঁছাই করে সবাইকে দেয়ার ব্যবস্থা করা হবে কিনা?
জবাবে হাসানুল হক ইনু বলেন, “অনলাইন গণমাধ্যম পরিচালনার বিষয়ে কোনো নীতিমালা নেই। তবে ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা, ২০১৩’ নামে একটি নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
“অনলাইন পত্রিকাগুলো ‘দ্যা প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট- ১৯৭৩’ এর আওতাভুক্ত না হওয়ায় এবং ‘জাতীয় বিজ্ঞাপন ও ক্রোড় নীতিমালা-২০০৮’ অনুযায়ী কেবলমাত্র সরকারি তালিকাভুক্ত সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন প্রচার করা যাবে বলে বিধান থাকায় অনলাইনে বিজ্ঞাপন ও সাপ্লিমেন্ট প্রচারের সুযোগ নেই।”
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আসমা জেরিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাসস প্রচার কাজ চালিয়ে যাচ্ছে।
