২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে সম্পত্তি বিক্রিতে সহযোগিতার অভিযোগ এনে চট্টগ্রামে চার ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 07:37 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

নগরীর আকবর শাহ থানার দক্ষিণ গাট্টলী এলাকার বাসিন্দা দুলাল চন্দ্র নাথ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবর রহমানের আদালতে এই মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনারকে  (গোয়েন্দা) তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান বাদির আইনজীবী মো. রুহুল আমিন।

মামলায় আগ্রাবাদ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ,  সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার এএইচএম  লোকমান ও কানুনগো আনোয়ারুল আজিমসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

আইনজীবী রুহুল আমিন বলেন, উত্তরাধিকারসূত্রে পাওয়া বাদি দুলাল চন্দ্র নাথের কিছু সম্পত্তি মো. কামাল নামে এক ব্যক্তি জাল কাগজপত্র তৈরি করে বিক্রি করে দেয়।

“ওই সরকারি কর্মকর্তারা পরস্পরের যোগসাজসে এবং ক্ষমতার অপব্যবহার করে কামাল উদ্দিনকে ওই জমি বিক্রি করতে সহযোগিতা করেন এবং ক্রেতাদের পক্ষে নাম জারি করে দেন।”

দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারা এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় এ মামলা দায়ের করা হয় বলে জানান আইনজীবী রুহুল আমিন।