মাদারীপুরে যৌনপল্লীতে হামলার ঘটনায় আরো এক মামলা
মাদারীপুরে যৌনপল্লীতে হামলার ঘটনায় আরো একটি মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় মাদারীপুর সদর থানায় মামলাটি করেন ওই পল্লীর বাসিন্দা বরু বেগম।
মামলায় মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা, এসলাহে কওম পরিষদের নেতা রাজু হুজুর, জামালউদ্দিন, মনির মৌলভীসহ ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
যৌনপল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ করে ৩ কোটি টাকার মালামাল লুট ও ৫০ লাখ টাকার সম্পদের ক্ষতির অভিযোগ করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।
ওসি বলেন, আইন ও সালিশ কেন্দ্র, মানুষের জন্য ফাউন্ডেশনের চার প্রতিনিধি মামলার বাদী বরু বেগমকে থানায় নিয়ে এসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নিয়মিত হিসেবে রেকর্ড করে তদন্তকারী কর্মকর্তা হিসেবে উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে সোমবার বাড়ির মালিক পরিমল সরকার বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেন।
ওই মামলায় মাদারীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূইয়া, এসলাহে কওম যুব পরিষদের সভাপতি গোলাম আজম ইরাদসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিনশ জনকে আসামি করে ৬০ লাখ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
হাই কোর্টের নির্দেশ উপেক্ষা করে গত ২৭ অগাস্ট মাদারীপুর শহরের যৌনপল্লীতে এসলাহে কম পরিষদের ব্যানারে হামলা চালিয়ে যৌনকর্মীদের উৎখাত করা হয়, ভাংচুর করা হয় পল্লীর ঘরগুলো।
