২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীতে এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:03 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

ইপিজেড থানার এসআই কাইছার হামিদ জানান, মঙ্গলবার সকালে নগরীর ইপিজেড থানার নিউমুরিং এলাকা থেকে নিহত শারমিন আকতারের (২০) লাশ উদ্ধার করা হয়।

তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

এসআই জানান, নিউমুরিং এলাকায় আবু তালেব ভবনের পঞ্চম তলায় স্বামী মো. বাপ্পীর (২৬) সঙ্গে বাস করতেন শারমিন। স্বামী-স্ত্রী দুজনই ইপিজেডে টিটি গার্মেন্টসে কাজ করতেন।

“একে অন্যকে ভালোবেসে চার মাস আগে বিয়ে করে তারা। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়,” বলেন তিনি।

থানার এএসআই হুমায়ন আজাদ বলেন, ভোরে একটি নম্বর থেকে এক ব্যক্তি শারমিনের বাবা আবুল কালামকে ফোনে জানান তার মেয়ে আত্মহত্যা করেছে।

এরপর কালাম বাসায় গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ দেখে পুলিশকে জানায় এবং পুলিশ গিয়ে শারমিনের লাশ উদ্ধার করে।

ঘটনার পর থেকে বাপ্পী পলাতক রয়েছে জানিয়ে তিনি বলেন, যে নম্বর থেকে শারমিনের বাবাকে ফোন করা হয়েছিল সেটিও বন্ধ।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে বাপ্পীকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।