কাদের মোল্লার ফাঁসির রায়ে চট্টগ্রামে উল্লাস
আপিল বিভাগের রায়ে যুদ্ধাপরাধে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশে সন্তোষ জানিয়ে অবিলম্বে রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার রায় ঘোষণার আগে সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে কাদের মোল্লার ফাঁসির দাবিতে স্লোগান দেয় জাগরণ মঞ্চের কর্মীরা।
রায় ঘোষণার খবর আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে সমবেতরা। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে করতালিতে পুরো এলাকা মুখর করে তোলে তারা।
সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে ফুল দেয় তারা।
অবিলম্বে রায় কার্যকর করার পাশাপাশি যুদ্ধাপরাধে অভিযুক্ত অন্যদের বিচার ত্বরাণ্বিত করার দাবি জানান গণজাগরণ মঞ্চের সংগঠকরা।
এ সময় মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, ডা. চন্দন দাশ, প্রমা আবৃত্তি সংসদের সভাপতি রাশেদ হাসান, উদীচীর সুনীল ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ছাত্র মৈত্রীর সভাপতি ফারুক আহমেদ রুবেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের রুবেল দাশ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
