বগুড়ায় হাতবোমা বিস্ফোরণ
আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণার পর মঙ্গলবার জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে বগুড়া সদর থানার সামনে তিনটি হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হয়েছে।
অপরদিকে রায়ে আনন্দিত গণজাগরণ মঞ্চের কর্মীরা মিছিল করেছেন।
প্রত্যক্ষদর্শী ফজলুল বারী জানান, গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিলের পর বেলা ১২টা ৪৫ মিনিটে শহরের কবি নজরুল ইসলাম রোডের সদর থানার পাশে ১০/১২ জন জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে।
মিছিলকারীরা থানার সামনে এসে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটান। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদে আশ্রয়ে চলে যায়।
পরে মিছিলকারীরা কাঠালতলা হয়ে ফতেহ আলী বাজারের দিকে চলে যায়।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ আলম জানান, থানার গেটে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে, কেউ আহত হয়নি।
বগুড়া গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী মাছুদার রহমান হেলাল জানান, মানবতবিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণায় বগুড়াবাসী খুশি। এ খুশিতে আনন্দ মিছিল বের করার কিছুক্ষণ পর জামায়াত-শিবিরকর্মীরা সদর থানায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
