ফরিদপুরে স্বস্তি, রায় কার্যকরের তাগাদা
আপিলে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার জন্মস্থান ফরিদপুরের মানুষ।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতা বিরোধী অপরাধে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের ফাঁসির রায় ঘোষণা করে।
এর আগে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।
রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা কার্যকর করার দাবি জানিয়েছেন ফরিদপুরের সর্বস্তরের জনতা।
তবে কাদের মোল্লার স্বজনদের দাবি, তার প্রতি অবিচার করা হয়েছে।
সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ফকির বলেছেন, এবার সঠিক রায় হয়েছে। আগের সাজা যথেষ্ট ছিল না।
তিনি অবিলম্বে রায় কার্যকর করার দাবি জানিয়ে বলেন, “পৃথিবীর কোনো দেশে স্বাধীনতা বিরোধী বলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী নেই। দুর্ভাগ্য আমাদের দেশে আছে। আমরা কলঙ্কমুক্ত হতে চাই।”
সদরপুরের মুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার বলেন, কাদের মোল্লার উচিত সাজা হয়েছে। পাপ করলে তার শান্তি পেতে হয়- এই রায়ে সেটা প্রমাণিত হয়েছে।
তিনি অবিলম্বে ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।
কাদের মোল্লার ছোটভাই ও সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্লা মাইনউদ্দিন আহমেদ তার প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেও বলেছি এখনও বলছি আমার ভাই নির্দোষ। তার প্রতি চরম অবিচার করা হয়েছে। এই শান্তি তার প্রাপ্য নয়।
“আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করছি।”
